গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় নেশার টাকার জন্য নিজের ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে শিশুটির বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দীর্ঘ প্রায় দুই মাস পর শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জসীম উদ্দিন এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, রোববার সন্ধ্যার পর ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকা থেকে ১৩ মাস বয়সী শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়। মদনেরপাড়ার মোর্শেদা খাতুনের সহযোগিতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল ইসলাম, মজিদ সরকার, মোর্শেদা খাতুন ও জেসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ফুলছড়ি ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শিশুটির মা রুমানা আক্তার জানান, প্রায় দুই মাস আগে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকার নানার বাড়ি থেকে দুধ কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যান তার বাবা হামিদুল ইসলাম। পরে মোবাইল ফোনে তিনি জানান, ১০ হাজার টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়া হবে।
আর্থিক সংকটের কারণে ওই টাকা দিতে পারেননি বলে জানান রুমানা। এরপর থেকে তিনি শিশুটিকে আর ফিরে পাননি। একপর্যায়ে হামিদুল মোবাইল ফোন বন্ধ করে দেওয়ায় তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরে শিশুটির মা আদালতে মামলা করেন এবং পুলিশের কাছে অভিযোগ দেন। বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে।
গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। আসামিরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কিছুটা বেগ পেতে হলেও পুলিশের দল সফলভাবে তাদের গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করেছে।
তিনি বলেন, উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।