এক দফা দাবি শিক্ষার্থীদের—পুনর্বহাল না হওয়া পর্যন্ত একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা
চুয়েট প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল থেকে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহালের এক দফা দাবি জানানো হয়।
এর আগে একই দিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার—সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-২, ছাত্রীদের হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা একজন যোগ্য উপাচার্য পেয়েছিলাম। অথচ কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা হলো।’
তিনি বলেন, ‘তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ নানা ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন। অনতিবিলম্বে তাকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।’
শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।