কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগতির ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সড়াইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাই উপজেলার আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একটি দ্রুতগতির ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় এনামুল হক ও সোহরাব হোসেনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত এনামুল হকের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এ ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।