কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস -২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে উপজেলা জামাতের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর (রবিবার) আয়োজিত এ সভায় স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি জনাব এস.এম. রাশেদুল আলম সবুজ বলেন, “ঘুণে ধরা এই সমাজকে পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে পারে যুবসমাজ। রাসূলুল্লাহ (সা.)-এর যুগেও যুবকেরাই সর্বপ্রথম ইসলামের সুমহান আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।”
কালাই উপজেলা যুব বিভাগের সভাপতি ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস.এম. শাহীন আলম, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোজাফফর হোসেন, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা মোন্তাহার হোসেনসহ স্থানীয় জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তন এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।