
কঠিন সময়ে থাকা চেলসি শিবিরে ক্ষণিকের জন্য যেন বয়ে গেল স্বস্তির সুবাতাস। এনসো ফের্নান্দেসের গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
ওয়েম্বলিতে রোববার রাতে ম্যাচের ২৩তম মিনিটে হেডে চেলসিকে এগিয়ে নেন ফের্নান্দেস। আর্জেন্টাইন তারকার গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
লিয়াম রোসেনিওরের বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে প্রথম ম্যাচেই জয় পেল চেলসি।
ফাইনাল আগামী ১৬ মে, শনিবার, প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
ম্যাচ জুড়ে বল দখলে চেলসি কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে দুই দলেই ছিল সমতা। লিডসের প্রথম বড় সুযোগ আসে ব্রেন্ডেন অ্যারনসনের মাধ্যমে, কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ পা দিয়ে গুরুত্বপূর্ণ সেভ করেন।
২৩তম মিনিটে পেদ্রো নেতোর ক্রসে ফের্নান্দেসের শক্তিশালী হেড এগিয়ে দেয় চেলসিকে। পরে জোয়াও পেদ্রো পোস্টে আঘাত করেন।
বিরতির পর লিডস কিছুটা ম্যাচে ফেরে। অ্যান্টন স্টাচের শট সানচেজকে ডাইভ দিয়ে বাঁচাতে হয়, আর ক্যালভার্ট-লুইন কাছ থেকে হেড করেও গোল করতে ব্যর্থ হন। শেষ মুহূর্তগুলোতে চাপ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
১৯৭৩ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন থেকে বঞ্চিত হল লিডস।
রোসেনিওরের মাত্র ১০৬ দিনের দায়িত্ব শেষে বরখাস্ত হওয়ার পর জয়টি ছিল দলের খুবই গুরুত্বপূর্ণ। এখন তাদের লক্ষ্য টানা তিনটি এফএ কাপ ফাইনালে হারের ধারা ভাঙার চেষ্টা করা।
খেলাধুলা ডেস্ক 
























