আন্তর্জাতিক ডেস্ক:
জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে টোকিওতে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টায় টোকিওর কামিনাকায়াতোস্থ তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান। দেশের ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে জনগণের ত্যাগের কথা উল্লেখ করে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদ ও রাজপথে আপসহীনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইতিহাসে অবদান রাখা সকলকে যথাযথভাবে স্মরণ রাখা প্রয়োজন এবং অতীতের সব অপরাধের বিচার নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীদের প্রতি আস্থা রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে কাজ করবেন এবং দেশে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবেন।
প্রবাসীদের উদ্দেশে তিনি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, স্থানীয় আইন মেনে চলা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। তারা প্রবাসীদের অধিকার রক্ষা এবং দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে প্রবাসী শিশু-কিশোররা বাংলা, আরবি ও জাপানি ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।