স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান শুরু করেছে এবং তা চলমান রয়েছে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ অভিযানে অংশ নিচ্ছে। দেশে মাদকের বিস্তার একদিনে হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা থেকে উত্তরণের জন্য জোরালো ও ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে এবং প্রতিদিনই অগ্রগতি হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চলমান বিশেষ অভিযানে মাদকসেবীদের চেয়ে বড় চোরাচালানকারী ও সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করায় জড়িতদের গ্রেপ্তারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।