ক্রীড়া প্রতিবেদক
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করছে এই বৈশ্বিক ফুটবল মহাযজ্ঞ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ‘জে’ গ্রুপে রয়েছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা।
গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, আর্জেন্টিনার সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে ক্যাম্প করবে আর্জেন্টিনা দল। সেখানে মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত সাতজন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন চালাবেন কোচ লিওনেল স্কালোনি। প্রস্তুতির অংশ হিসেবে ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে লিওনেল মেসি-এর নেতৃত্বে ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্য রয়েছেন। এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে।
বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে আর্জেন্টিনার রাউন্ড অব ৩২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে।
শিরোপা ধরে রাখার এই মিশনে আর্জেন্টিনা কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা ফুটবলবিশ্বের কোটি ভক্তের।