ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে মৎস্যচাষীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার (৯ জুন) উপজেলার ধলিয়া এলাকায় ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে “বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে মৎস্যচাষী প্রশিক্ষণ ও কর্মশালা” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
ব্র্যাক ফিশারিজের রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত কুমার নন্দীর সভাপতিত্বে এবং সেলস অফিসার সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভালুকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর ব্যবস্থাপনা, উন্নত প্রজাতির পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, মাছের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের সফলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়।
বিভিন্ন সেশনে পুকুর প্রস্তুতি, পানি ব্যবস্থাপনা, পোনার গুণগত মান যাচাই ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটর প্রযুক্তি এবং আইওটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। এতে মৎস্যচাষীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।