আন্তর্জাতিক ডেস্ক
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক, কোনারক ও চাবাহার এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে বন্দর আব্বাস এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার প্রতি হুমকি মোকাবিলা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে অন্তত আটজন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।