আগস্ট ২০২৬ মাসেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন বর্তমান মূল্যেই বিক্রি হবে।
বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহারই বহাল থাকবে। নতুন মূল্যহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
অপরিবর্তিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর ২৭ জুলাইয়ের সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জুন ও জুলাই মাসেও একই মূল্যহার বহাল ছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আনেনি সরকার।
সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে। তবে জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম কমানো হলেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগস্ট মাসেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।