অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্স দ্বিতীয় ও শেষ ম্যাচে ধরে রাখতে চান বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
ডারউইনে সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিন ৯ উইকেটে জয়ী হয় বাংলাদেশ। ম্যাচ আগেভাগে শেষ হয়ে যাওয়ায় টেস্টের পঞ্চম ও শেষ দিন ডারউইন শহরে ঘুরেফিরে সময় কাটিয়েছে টাইগাররা।
দ্বিতীয় টেস্টের জন্য আগামীকাল ম্যাকাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। মিরাজ জানিয়েছেন, প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও কন্ডিশন বা পরিবেশ ভালোভাবে বুঝতে হবে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে প্রথমবারের মত টেস্ট আয়োজন করবে ম্যাকাই। তাই ম্যাকাইয়ের উইকেট দু’দলের কাছেই অজানা।
মিরাজ বলেন, ‘এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে, তা নিয়ে ভাবতে হবে। (প্রথম টেস্টে) আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি।’
প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে কোন বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসে প্রথমবার পাঁচ উইকেট নিলেন তিনি। পাশাপাশি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
হাসান ও তানজিদের সাথে বাংলাদেশের টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন মিরাজও। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও ব্যাট হাতে ৬৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৪২৬ রান তুলে বাংলাদেশ। এতে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মিরাজের ঘূর্ণিতে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৬৫ রানে ৫ উইকেট নেন মিরাজ।
জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। মিরাজ বলেন, ‘প্রথম ইনিংসে তানজিদ দারুণ ব্যাট করেছে এবং তাকে সহায়তা করেছে শান্ত ও মোমিনুল। এরপর লোয়ার-অর্ডার ব্যাটারদের সাথে গড়ে ওঠা জুটিগুলো আমাকে সহায়তা করেছে।’
তিনি আরও বলেন, ‘তারা যদি আউট হয়ে যেত, তবে আমি হয়তো রান করতে পারতাম না। তারা ক্রিজে ছিল বলেই আমি হাফ-সেঞ্চুরি করতে পেরেছি। আমি তাদের বলেছিলাম, ‘কে বল করছে, সেটি নিয়ে ভাবতে হবে না।’
এই জয়কে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে জানান মিরাজ, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পেছনে দলের সবার বিশ্বাস, দৃঢ় মানসিকতা এবং সম্মিলিত অবদান গুরুত্বপূর্ণ ছিল।’
বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশংসা করে মিরাজ জানান, বিশ্ব সেরা অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। এমন বিশ্বাস নিয়েই মাঠে খেলতে নেমেছিল দল। তিনি বলেন, ‘আমাদের একটাই বার্তা ছিল, আমাদের বিশ্বাস রাখতে হবে। তা না হলে এটি সম্ভব নয়।’
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের প্রশংসা করে মিরাজ জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা।
তিনি বলেন, ‘শান্ত দারুণ অধিনায়ক এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক হিসেবে শান্তর পারফরমেন্স ছিল অসাধারণ। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৮৪ রানও করেছে সে।’
প্রথম ইনিংসে হাসান মাহমুদের ছয় উইকেট শিকারকে বাংলাদেশের সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে স্পিনারদের ছয় উইকেট শিকার নিয়ে তিনি বলেন, ‘প্রথম ইনিংসে হাসান দারুণ বল করেছে।”
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ১৩০ রানের নান্দনিক ইনিংস খেলেন মিরাজ।
তিনি জানান, প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি টেস্টে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে।
মিরাজ বলেন, ‘প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্টে ভালো ব্যাটিং করতে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার মনে হয় সবাই খুশি। এটি সত্যিই গর্বের একটি মুহূর্ত।’