জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা গত সপ্তাহের নির্বাচনে ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার এ ফল ঘোষণা করেছে।
তবে, সমালোচকদের অভিযোগ, সরকার নির্বাচন প্রক্রিয়াটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তামাসমৃদ্ধ দেশ জাম্বিয়ায় বৃহস্পতিবারের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হলেও নির্বাচনের আগে বিরোধী দলগুলো ভয়ভীতি দেখানো, গ্রেপ্তার, সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ তুলেছিল।
ফলাফল অনেকটাই প্রত্যাশিত ছিল। ২০২১ সাল থেকে ক্ষমতায় থাকা হিচিলেমার বিপরীতে এবার ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে সাবেক প্রাদেশিক মন্ত্রী ব্রায়ান মুন্ডুবিলে ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী। এটি ছিল তাঁর প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
নির্বাচন কমিশনের চেয়ারপারসন মওয়াঙ্গালা জালুমিস জানান, ৫৫ বছর বয়সী মুন্ডুবিলে প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছেন।
তিনি বলেন, ২২৬টি নির্বাচনী এলাকার মধ্যে পাঁচটির ফল এখনো গণনা করা হয়নি। তবে এসব এলাকার বাকি ফলাফল সামগ্রিক নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না।
বিজয় ঘোষণার পর এক বিবৃতিতে ৬৪ বছর বয়সী হিচিলেমা বলেন, ‘আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তাতে আমরা সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ ।’
তিনি আরও বলেন, ‘যেসব নাগরিক আমাদের প্রতিদ্বন্দ্বীদের দেওয়া ধারণাকে সমর্থন করেছেন, আমরা তাদের কথাও শুনেছি এবং তাদের জন্যও কাজ করে যাব।’
বিজয় উদযাপনে তাঁর দল ইউপিএনডির লাল রঙের পোশাক পরা শত শত সমর্থক রাজধানী লুসাকার রাস্তায় নেমে গান ও নাচ করেন এবং আতশবাজি ফোটান।