রংপুর প্রতিনিধি
বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতি ছয় মাস পর পর কোন মন্ত্রণালয় কী কাজ করছে এবং কীভাবে করছে, তা পর্যালোচনা করা হবে। আগামী পাঁচ বছর এভাবেই জনগণের কাছে সরকারের কর্মকাণ্ডের জবাবদিহি তুলে ধরা হবে। কী করা হয়েছে এবং আগামীতে কী করা হবে—সেসব বিষয়ও জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার। জনগণ এই সরকারকে বড় ধরনের বিজয় দিয়েছে। জনগণের সেই কমিটমেন্ট যেকোনো মূল্যে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর।
ভবিষ্যৎ বাংলাদেশে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকবে আশা প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকারগুলোও জনগণের সঙ্গে এভাবে যোগাযোগ রেখে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে চাইবে। কারণ, পাঁচ বছর পর প্রতিটি সরকারকেই জনগণের কাছে ভোট চাইতে হবে।
জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নে বিভিন্ন জেলা ও উপজেলায় যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। তারা নিজ নিজ দায়িত্ব ও বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেবেন এবং জনগণের স্বার্থে কাজ করবেন।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।