লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত ৯৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জনসহ মোট ৯৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেজবা উল আলম ভূঁইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী শ্রাবণী চক্রবর্তী। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে জ্ঞান, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়, সংবর্ধিত শিক্ষার্থীরা আগামীর পথচলায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখবে।