নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এবারের আসরে ২২টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। অংশগ্রহণকারী ডিসিপ্লিনগুলোর প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে বৈঠকে ডেকেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রবিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ, প্রস্তুতি, খেলোয়াড়দের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহেও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে ওই বৈঠকের মূল আলোচ্য ছিল নতুন গঠিত কমিটিগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা এবং নির্বাচনসংক্রান্ত বিষয়। এবার এশিয়ান গেমসকে সামনে রেখে বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে জাতীয় দলের প্রস্তুতি ও অংশগ্রহণ।
নতুন গঠিত ২৭টি ফেডারেশনের এডহক কমিটির পাশাপাশি ফুটবল ও ক্রিকেট দলও এবারের এশিয়ান গেমসে অংশ নেবে। ফলে আগামীকালের বৈঠকে এই দুই ডিসিপ্লিনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
এদিকে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া কয়েকটি ডিসিপ্লিনের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি সমাধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করার পর অ্যাক্রিডিটেশন কার্ডের জটিলতা এখন সমাধানের পথে রয়েছে।
এশিয়ান গেমসের প্রস্তুতি, অংশগ্রহণকারী দলগুলোর সার্বিক অবস্থা এবং অ্যাক্রিডিটেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামীকালের বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।