নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে কাজ করার ক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করে কোনো সংবাদে হস্তক্ষেপ করেননি এবং সরকারের মদদে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি। এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে উঠে এলে সরকার এবং ব্যক্তিগতভাবে তিনি কাজ করার অনুপ্রেরণা পান বলে জানান।
তিনি বলেন, ‘আপনারা ভালো কাজগুলো তুলে ধরলে আমরা কাজের গতি ও মান আরও উন্নত করতে পারি।’
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা কিংবা সমালোচনা করার স্বাধীনতা সবার রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তবে সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য অনুধাবনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা রাষ্ট্রদ্রোহিতামূলক—এমন কোনো সংবাদ বা মন্তব্য প্রচার করা ঠিক নয়।
সরকারি প্রচারমাধ্যমের সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) অন্যান্য সরকারি গণমাধ্যমে শুধু সরকার বা সরকারি দলের সংসদ সদস্যদের সংবাদ প্রচার নয়, জাতীয় সংসদ ও সংসদের বাইরের বিরোধী দলগুলোর বক্তব্য ও সংবাদও আনুপাতিকহারে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান দ্বিগুণ করার প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ শিগগিরই বিতরণ করা হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।