এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন পর্যন্ত নারী এশিয়া কাপ চারটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছে।
দুবাইয়ে দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কাল থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। আসন্ন টুর্নামেন্টে আট দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে।
‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
আগামী ৩১ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এবারের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাঁধা টপকাতে চাই।’
তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। বিশেষ করে এই টুর্নামেন্টে টপ-অর্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে তবে আমার মনে হয়, আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এখন পর্যন্ত একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা।
এদিকে, ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং। গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।
দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ১০ (এ১-বি২) ও ১১ (এ২-বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশের সাথে একবার শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা।
এছাড়া শ্রীলংকা পাঁচবার, ভারত ও পাকিস্তান দু’বার করে রানার্স-আপ হয়েছে।