মারুফা আক্তার ও সুলতানা খাতুনের দুর্দান্ত বোলিংয়ের পরও বাংলাদেশ পারেনি, আক্ষেপটা এখানেই। ব্যাটিংয়ে ভালো শুরুর পরও স্কোরটা বড় হলো না। তবে বল হাতে লড়াইটা ছিল চোখে পড়ার মতো। এমনকি এক সময় জয়ের গন্ধও পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই স্বপ্নটাই ভেঙে দিলেন হাশিতা সামারাবিক্রমা। ব্যাট হাতে শেষ দিকে তোলা তাঁর ঝড়েই এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল শ্রীলঙ্কা।
সেমিফাইনালে যেতে তাই এখন শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১১৪ রান করে টাইগ্রেসরা। জবাবে ৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় লঙ্কান নারীরা।