নিজস্ব প্রতিবেদক
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিরক্ষা ও কৌশলগত সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
এ সময় ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উচ্চ পেশাদারত্ব, নিয়মানুবর্তিতা ও দক্ষতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
চার দিনের সরকারি সফর শেষে গত রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার শুরু হওয়া ওই সফরে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ইভেন্টে সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহিত করেন।
জাপান সফরকালে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গেও সেনাপ্রধান একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সফর শেষে রোববার রাতে দেশে ফিরে সোমবার সেনাসদরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান।