নিবন্ধিত হজযাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর(শুক্র বার ও শনিবার) সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত শাখাগুলো খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
হজ নিবন্ধনের অর্থ সময়মতো জমা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ দিন ২৪ সেপ্টেম্বর। এর পরদিন থেকেই সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় নিবন্ধনের অর্থ যথাসময়ে জমা দিতে হজযাত্রীদের কিছুটা জটিলতার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দুই দিন সারা দেশের হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর নির্ধারিত শাখা সচল রাখা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া ওই দুই দিন ব্যাংকের নিয়মিত অফিস সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত অর্থ জমাদানকারী হজযাত্রী বা তাঁদের প্রতিনিধি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের কাছ থেকে হজের নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় আশা করছে, এ ব্যবস্থা গ্রহণ করা হলে নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হবে।