প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নূর বকসু বাবুল, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ রসূল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শাহেনুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর ও সাধারণ সম্পাদক মো. বাদশা প্রামানিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান মুর্তজা রহমান লেলিন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর। দুর্নীতিবিরোধী সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সততা, ন্যায়বোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।