চিরকুটটি লাল কালিতে লেখা। এতে চার বিএনপি নেতার নাম উল্লেখ করে নিচে লেখা হয়েছে—‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিরকুটটি দলীয় কার্যালয়ে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
হুমকি পাওয়া নেতারা হলেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা হেলাল হোসেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে দলীয় কার্যালয় পরিষ্কার করছিলেন বিএনপি কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় তিনি একটি খাম দেখতে পান। পরে খামটি খুলে পলিথিনে মোড়ানো চিরকুটটি পাওয়া যায়। বিষয়টি দলীয় নেতাদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন।
রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, ‘দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। কেউ মশকরা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা আইনগত ব্যবস্থা নেব।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে চিরকুটটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।’
পুলিশ জানিয়েছে, চিরকুটটি উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে হুমকির নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।