নেত্রকোনা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম আবদুল্লাহ বিন রশিদ, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামান, ৩১ বিজিবির অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা বিএনপির নেতা এস এম মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী আব্দুর রহিম রুহি এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।