বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের ফল নির্ধারণে দুই দলের স্পিনারদের লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান।
দুই দলেই তিনজন করে বিশেষজ্ঞ স্পিনার থাকায় স্পিনের বিপক্ষে ভালো ব্যাটিং এবং নিয়ন্ত্রিত বোলিং দুই ম্যাচের সিরিজে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ওয়ারিকান বলেন, “সিরিজের ফল নির্ধারণে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার মনে হয়, স্পিনের বিপক্ষে ভালো ব্যাটিং এবং ভালো স্পিন বোলিং করে সিরিজে আধিপত্য বিস্তার করা সম্ভব।”
দুই দলের প্রথম টেস্টের প্রথম দিনের খেলার গতিপ্রকৃতিতেই স্পিন-লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা প্রচুর টার্ন ও বাউন্স আদায় করে বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখেন।
তবে ওপেনার সাদমান ইসলামের ধৈর্যশীল ব্যাটিংয়ে দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। আলোস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার সময় শাদমান ৯৯ রানে অপরাজিত ছিলেন।
দুই উইকেট নেওয়া ওয়ারিকান বলেন, বেশি উইকেট নিতে না পারলেও বল হাতে শৃঙ্খলা বজায় রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।
স্পিনাররা দায়িত্ব নেওয়ার আগে দুই পেসার শামার জোসেফ ও জেইডেন সিলেস দলকে ভালো অবস্থান এনে দিয়েছেন বলেও প্রশংসা করেন তিনি।
ওয়ারিকান বলেন, “প্রথমত, আমরা খুবই নিয়ন্ত্রিত বোলিং দিয়ে শুরু করেছি। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে শামার ও জেইডেন আমাদের ভালো ভিত্তি গড়ে দিয়েছে।”
নিজের ভূমিকা ব্যাখ্যা করে বাঁহাতি এই স্পিনার বলেন, রান আটকে রাখার পাশাপাশি উইকেট নেওয়ার সুযোগ খুঁজে বের করাই তাঁর দায়িত্ব।
তিনি বলেন, “আমি বুঝি, আমার কাজ হলো রান আটকে রাখা। এভাবে বোলিং করে যদি এক বা দুটি উইকেট নিতে পারি, সেটিও খুব গুরুত্বপূর্ণ। আমি তা করতে পেরেছি।”
দিনের শুরুতে উইকেটে আর্দ্রতা থাকায় টার্ন ও বাউন্স বেশি পাওয়া গেছে বলে স্বীকার করেন ওয়ারিকান। তবে সেই সুবিধা কাজে লাগিয়ে প্রয়োজনীয় উইকেট নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
তিনি বলেন, “দিনের শুরুতে উইকেটে আর্দ্রতা অনেক বেশি ছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা যে উইকেটগুলো চেয়েছিলাম, সেগুলো নিতে পারিনি।” তবে শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার লক্ষ্য থেকে সরে আসেনি সফরকারীরা বলে জানান তিনি।
আলোস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে বাংলাদেশ লিটন দাসকে ব্যাটিংয়ে পাঠানোর পর দ্রুত উইকেট নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল বলে মনে করে দলটি। তবে আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না বলে জানান ওয়ারিকান।
অভিষিক্ত জশুয়া বিশপেরও প্রশংসা করেন তিনি। উইকেট না পেলেও ধারাবাহিক বোলিং ও নিয়ন্ত্রিত ইকোনমি রেটে দলের জন্য অবদান রেখেছেন বিশপ।
দ্বিতীয় দিনের খেলা নিয়ে ওয়ারিকান বলেন, শুরুতেই বাংলাদেশের আরও এক বা দুটি উইকেট তুলে নিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, “আদর্শ পরিস্থিতিতে আমি আরও একটি উইকেট চাইতাম। তবে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে। ম্যাচ কখনোই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি।”