সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক
অশ্লীলতা, শিরক ও বিদআতের মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিতে হবে। শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় ইসলামের সুন্দর ও মননশীল সাংস্কৃতিক উপাদান মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের সাংস্কৃতিক আন্দোলনে তাঁদেরই নেতৃত্ব দিতে হবে।
ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়; বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাসই ইসলামী সংস্কৃতির মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এ বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চাই ইসলামের শাশ্বত দর্শনের মূল কথা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন এলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সহায়তা করে। তবে সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন মানবমন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।