গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন, যা ভাড়া দেওয়া ছিল। ওই বাড়ির পাশেই তার একটি আটতলা ভবন রয়েছে, তবে সেটি অক্ষত আছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত এসে প্রথমে বাড়িটির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয় এবং পরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো টিনশেড বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
তবে আগুন লাগা বাড়িটির প্রকৃত মালিকানা নিয়ে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে বাড়িটি কার, সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি; স্থানীয়দের কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বলছেন, আবার কেউ অন্য ব্যক্তির বাড়ি বলে উল্লেখ করছেন।