কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মোঃ লিটন মিয়া ও যাত্রী আহসান উল্লা ছুট্টু সহ ২জন নিহত ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত লিটন (৪২)উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়া ও আহসান উল্লা ছুট্ (৩৮)কালিকাপুর ইউনিয়ন বদরপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা আমানগন্ডা এলাকায়। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার থেকে সিএনজি অটোরিকশায় দুই যাত্রী নিয়ে চালিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন চালক লিটন মিয়া। পথিমধ্যে মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-উ-১১-১৩৭১) পিছন থেকে স্বজোরে সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক লিটন মিয়া নিহত হন। গুরতর আহত হয় আহসান উল্লা ছুট্টু সহ অপর যাত্রী। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ,ফায়ার সার্ভিস গুরুতর আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহসান উল্লা ছুট্টু কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজি অটোরিকশা চালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের লাশ ওদুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার শেষে থানায় নেয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।