কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে আগামী স্থানীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মো. গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করলে সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ, কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ওলামা-মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন ও মাওলানা মো. খলিলুর রহমান।
সমাবেশটি সার্বিকভাবে পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. জাকারিয়া হোসেন। এ সময় অনুষ্ঠানে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরাও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন।