• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির

একুশে সংবাদ ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ‘১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

দেশের চিকিৎসাব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারেন না।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরকারিভাবে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরির পরামর্শ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এই মানসিকতার পরিবর্তন জরুরি। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধ করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

পেশাগত ক্ষেত্রে দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নিতে হবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।

আন্তর্জাতিক এই সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category