• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

একুশে সংবাদ ডেস্ক / ৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য, চিহ্নিত ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। পরিকল্পনাটি অনুমোদন পেলে ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর মধ্যেই মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

পাঁচ দিনব্যাপী উৎসবটি আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনাটি পাওয়ার আশা করছে বিটিবি। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রীকে দিয়ে নথিটি উন্মোচন করানোর ব্যাপারেও আশাবাদী তিনি।

২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর থেকেই দেশের পর্যটন খাত একটি সমন্বিত জাতীয় উন্নয়ন রূপরেখার অপেক্ষায় রয়েছে। কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার কারণে উদ্যোগটি বারবার পিছিয়ে যায়। ফলে পরিকল্পনাটি প্রকাশ ও বাস্তবায়নকে পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা

জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা এতে তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।

পরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রকে ঘিরে অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব রয়েছে।

২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদী, গ্রাম, ক্রুজ এবং সম্মেলন ও প্রদর্শনীভিত্তিক পর্যটন বিকাশের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিনিয়োগ আকর্ষণে ইলেকট্রনিক ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশও রয়েছে। পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

জানুয়ারি থেকেই বাস্তবায়নের লক্ষ্য

ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে মহাপরিকল্পনার বাস্তবায়ন শুধু হোটেল, রিসোর্ট কিংবা অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

প্রাথমিক পর্যায়ে পর্যটন গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীজনদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

মহাপরিকল্পনায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার এবং তদারকি ব্যবস্থা নির্ধারণের প্রস্তাবও রয়েছে। পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করতে অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।

পর্যটন উন্নয়নে সরকারের অগ্রাধিকার

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে। পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করে পরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া আতিথেয়তা খাতের জনবলকে দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

কার্যকর বাস্তবায়ন চান পর্যটন-সংশ্লিষ্টরা

পর্যটন শিল্পের অংশীজনরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাঁদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান গড়ে তোলা, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের ভ্রমণ-অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগব্যবস্থাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category