চট্রগ্রাম প্রতিনিধি :
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা যুবদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় ইপিজেড এলাকার ঝনক প্লাজা মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বন্দর থানা যুবদল নেতা আরিফুর রহমান আরিফের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সঞ্চালনা করেন যুবদল নেতা মোহাম্মদ শাহেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজ।
অবস্থান কর্মসূচি শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সল্টগোলা ক্রসিং হয়ে ধুমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
কর্মসূচিতে নেতাকর্মীরা দলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও রাজপথের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা। রাজনৈতিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি জনগণের আস্থা অর্জন, দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. সবুজ, মো. লোকমান, ফারুক, মো. সাইফুল, মো. জুলফু, মো. মোকবুল, মিজান, ইমরান, মো. মহসিন ও মো. শহিদ।
এ ছাড়া ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. মুন্না, মামুন, মিঠু, আজাদ ও মো. জাবেদসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।