সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশ নেয়। তারা মন্ত্রীর বাসভবনে এসে আনন্দ-উল্লাসে সময় কাটায়।
এ সময় মন্ত্রী শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। শিশুদের ঈদের অভিজ্ঞতার গল্প শোনেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
অনুষ্ঠানে শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। মন্ত্রী নিজে শিশুদের আপ্যায়ন করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এ ধরনের আয়োজন তাদের জীবনে একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে।
মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তিনি, যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।