ঢাকা, ৩০ জুন:
দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে নতুন তিনটি উপজেলা এবং চট্টগ্রামে একটি নতুন থানা গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
এ লক্ষ্যে নিকারের ১২১তম সভা আগামীকাল (বুধবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশে জানানো হয়েছে, দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব সভায় উপস্থাপন করা হবে।
আলোচ্যসূচি অনুযায়ী, হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।
এছাড়া মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় বিবেচনা করা হবে।
সভার আলোচ্যসূচিতে আরও রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব। এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাবও সভায় আলোচনার জন্য উপস্থাপন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং নিকার সদস্যদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সভার কার্যপত্র আগেই সদস্যদের কাছে পাঠানো হয়েছে এবং সভা শেষে তা ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণ এবং জনসেবাকে আরও সহজ, কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিকারের এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় অনুমোদিত প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে।