স্পোর্টস ডেস্ক | একুশে সংবাদ
চার দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে মেক্সিকো। মঙ্গলবার ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো।
প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়। প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। প্রতিপক্ষের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় স্বাগতিকরা।
ম্যাচের ২২তম মিনিটে রবার্তো আলভারাডোর পাস থেকে দুর্দান্ত শটে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন জুলিয়ান কুইনোনেস। এরপর ৩১তম মিনিটে কুইনোনেসের নিখুঁত অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফুলহ্যামের স্ট্রাইকার রাউল জিমিনেজ।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইকুয়েডর। কোচ সেবাস্তিয়ান বেকাচে একাধিক পরিবর্তন আনলেও ম্যাচে ফেরার মতো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। অন্যদিকে মেক্সিকোও আক্রমণের ধার বজায় রেখে আরও কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি।
এই জয়ের মাধ্যমে আজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে মেক্সিকো। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
এবারের বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্টিনার সঙ্গে তৃতীয় দল হিসেবে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে মেক্সিকো। গ্রুপ পর্বে তারা কোনো গোলও হজম করেনি, যা তাদের দুর্দান্ত রক্ষণভাগের প্রমাণ বহন করে।
অন্যদিকে ইকুয়েডর গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করে নকআউটে উঠলেও শেষ পর্যন্ত মেক্সিকোর কাছে হার মেনে বিদায় নিতে হয়েছে। পুরো টুর্নামেন্টে তাদের আক্রমণভাগও খুব বেশি কার্যকর ছিল না।
মেক্সিকোর হয়ে এদিন ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। ১৯৫৮ সালে ব্রাজিলের কিংবদন্তি পেলের পর বিশ্বকাপের নকআউট পর্বে মূল একাদশে খেলা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান তিনি।
ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে জড়িয়ে হাত দিয়ে মুখ চেপে ধরায় স্টপেজ টাইমে সরাসরি লাল কার্ড দেখেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকেপি।
আজটেকা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচ খেলতে চাইলেও তা আর হচ্ছে না মেক্সিকোর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পরবর্তী সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।