নিজস্ব প্রতিবেদক | একুশে সংবাদ
সরকার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন না করায় বিরোধী দল রাজপথে কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ না থাকায় জনগণের দাবিকে সামনে রেখে রাজপথে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, ‘জুলাই জাতীয় সনদ’ এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছিল। সিপিবি ছাড়া সংলাপে অংশ নেওয়া প্রায় সব দলই ওই সনদে স্বাক্ষর করে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালায়।
জামায়াত আমিরের দাবি, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ার পরও সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোচ্ছে এবং এ উদ্দেশ্যে সংসদে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, যা গণভোটের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংসদে এ বিষয়ে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “সংসদ যেহেতু আমাদের কথা বলার সুযোগ দিল না, তাই এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু জনগণের পার্লামেন্টে কোনো অনুমতির প্রয়োজন হয় না।”
বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে শফিকুর রহমান বলেন, জনগণ সংবিধান সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের জন্য নয়। তাই বিশেষ কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিরোধী দল অনড় রয়েছে।
তবে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সঠিক ও কার্যকর সংস্কার না হলে দেশ বারবার রাজনৈতিক সংকটে পড়বে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।