কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন (নেত্রকোনার জারিয়া পর্যন্ত সম্প্রসারণ) সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ‘আমরা কিশোরগঞ্জবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ঢাকা থেকে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস এই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফসল। জেলার যাত্রীদের চাহিদা পূরণ না করে ট্রেনটির গন্তব্য পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, বর্তমানে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে আসনসংকট ও টিকিটের তীব্র সংকট রয়েছে। এ অবস্থায় ট্রেনটির রুট সম্প্রসারণ করা হলে জেলার যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে।
বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জের জন্য নতুন আন্তঃনগর ট্রেন চালু, বিদ্যমান ট্রেনে কোচ বৃদ্ধি এবং টিকিট সংকট নিরসনের উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে কিশোরগঞ্জ এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সিদ্ধান্ত বাতিল না হলে কিশোরগঞ্জবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।