কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান,পানি সরতে শুরু করায় স্বস্তি মানুষের।
সীতাকুণ্ড প্রতিনিধি,চট্টগ্রাম।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উপজেলার কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুরসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে এবং পানি নিষ্কাশনে সরাসরি মাঠে নেমেছে প্রশাসন।
আজ শনিবার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুরের বিভিন্ন এলাকায় একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পানি চলাচলের স্বাভাবিক পথে তৈরি করা সব ধরনের অবৈধ বাধা ও বাঁধ অপসারণ করা হয়। অবরুদ্ধ পথগুলো উন্মুক্ত করে দেওয়ার পর দ্রুত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, যা স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
পানি নিষ্কাশন অভিযানের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন,
“টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ডের বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম, পানি নিষ্কাশন অভিযান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে। কোনোভাবেই পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ রাখতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, এই দুর্যোগ মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছানোর সব ধরনের প্রস্তুতি রয়েছে