জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি ৬ জুলাই থেকে দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই এ পদযাত্রার আয়োজন করা হয়।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও বিচারপ্রক্রিয়া বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্গত মানুষের পাশে সরকারের তৎপরতা যথেষ্ট নয়। তাঁর দাবি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর হওয়া প্রয়োজন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো উচিত।
প্রতিবেশী ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো ধরনের বিদেশি আধিপত্য বা ষড়যন্ত্র মেনে নেবে না।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।