• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে হবে: তথ্যমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বরিশাল প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। দায়িত্বশীল সাংবাদিকতার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজের অগ্রগতি সম্ভব নয়।

সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে নিজের বিবেক, সততা ও মেধা বিকাশের সুযোগ রয়েছে। তবে এ পেশাকে টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। তিনি বলেন, সাংবাদিকতা পেশার উন্নয়ন ও কল্যাণে কার্যকর কোনো স্থায়ী কাঠামো এখনো গড়ে ওঠেনি।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি ঘটনা নিয়মিতভাবে গণমাধ্যমে প্রতিফলিত না হলে একটি দেশ সঠিক পথে এগোতে পারে না। গণমাধ্যম সমাজের আয়না হিসেবে রাষ্ট্রকে প্রতিনিয়ত আত্মসমালোচনার সুযোগ করে দেয়। এ দায়িত্ব পালনের মধ্যেই দায়িত্বশীল সাংবাদিকতার মূল লক্ষ্য নিহিত।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠ তথ্য যাচাই-বাছাই করা এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সত্যকে আলাদা করা সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বর্তমানে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এক শ্রেণির ব্যক্তি দায়িত্বশীল সাংবাদিকতা করছেন, আবার আরেক শ্রেণি ব্যক্তিস্বার্থে পেশাটিকে অপব্যবহার করছেন। এ কারণে প্রকৃত সাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডের মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করা জরুরি।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র এককভাবে এ সমস্যা সমাধান করতে পারবে না; এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে সাংবাদিকদেরও আত্মনিয়ন্ত্রণ ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতা বিত্তবান হওয়ার পেশা নয় জেনেও যারা নিষ্ঠার সঙ্গে এ মহান পেশায় কাজ করছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। রাষ্ট্র, সমাজ ও মানুষের স্বার্থেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় সহযোগিতা ও উৎসাহ দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতা ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম এবং অডিও জার্নালিজমের যুগে প্রবেশ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করতে না পারলে সাংবাদিকতা পিছিয়ে পড়বে।

সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তিনি বরিশালের চরকাউয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category