নিজস্ব প্রতিবেদক | মাগুরা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর শ্রীলঙ্কা থেকে ফোনে সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেন, দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পরপরই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। তার দাবি, বাড়িতে পেট্রোল বোমা ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। তবে ঘটনাটির প্রকৃতি সম্পর্কে তিনি তখন বিস্তারিত জানতেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, নিক্ষেপ করা বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এদিন দিল্লিতে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্যদের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এলো।