সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কেশবপুর সচেতন এলাকাবাসী’র উদ্যোগে স্থানীয় এলাকাবাসী এ সভার আয়োজন করেন।
“অপরাধমুক্ত দেশ চাই, শান্তি-শৃঙ্খলা বজায় রাখি” এবং “মাদকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে সভার কাজ পরিচালিত হয়। সভায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও মাদকের সামাজিক ব্যাধি প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজকে অপরাধ ও মাদকের গ্রাস থেকে মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন জনগণের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। সমাজ থেকে মাদক ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে পুলিশ কঠোর অবস্থান বজায় রাখবে।” তিনি একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কেশবপুরের সচেতন এলাকাবাসীর আয়োজনে উক্ত সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই কেশবপুরকে একটি আদর্শ, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।