• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি শিশু-কিশোরদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের : দ্বিতীয় দফা  চট্টগ্রামের হাটহাজারীতে অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ঢাকার কেরানীগঞ্জে অবৈধ সার কারখানা সিলগালা; ১ লক্ষ টাকা জরিমানা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত  : বাংলাফ্যাক্ট বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে  ডেঙ্গু সংক্রমণের প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

অনলাইন ডেস্ক. / ৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন না হলে সভ্যতা সম্পূর্ণ হয় না। নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সক্ষমতাকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন।

আজ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি বৃহত্তম ও শক্তিশালী নারী সংগঠন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি প্রতিবাদ করেছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মত প্রকাশের জন্য ফেসবুকে লেখালেখি করায় যেসব নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিবারের পাশেও জাতীয়তাবাদী মহিলা দল ছুটে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিটি ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠের আওয়াজ ধ্বনিত হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, নারীদের অগ্রগতি ও উন্নয়নের জন্য তাদের ক্ষমতায়ন জরুরি। নারীরা যদি ক্ষমতায়িত না হন, তাহলে সভ্যতা সম্পূর্ণ হয় না। এই দর্শনকে মাথায় রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। সেই দর্শন ধারণ করেই জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে এসেছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে।

দেশের বর্তমান জ্বালানি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের সংকট ও জ্বালানির সংকট আন্তর্জাতিক ও বৈশ্বিক সংকট। আমেরিকা ও ইরানের যুদ্ধ না থামা পর্যন্ত এই সংকট একক কোনো রাষ্ট্রের পক্ষে নিরসন করা সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে তেল আসার ক্ষেত্রে বর্তমানে সমস্যা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর চেষ্টা করছেন। কুয়েত, বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে গ্যাসবাহী কার্গোগুলো আসছে।

রুহুল কবির রিজভী বলেন, মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ বন্ধ ছিল। সেটি ঠিক হয়েছে এবং ধীরে ধীরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

তিনি বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজনে আরও ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে। এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে রিজভী বলেন, মানুষের বর্তমান আয় অনুযায়ী যাতে তারা ব্যয় করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারে, সে লক্ষ্যে সরকার বাজারে হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। বর্ষা শেষ হয়ে শরৎকাল পড়ায় সাধারণত শাকসবজি, চাল, ডাল, লবণসহ খাদ্যপণ্যের দাম বাড়ে। কিন্তু সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি। ফলে আগস্টে মূল্যস্ফীতি অনেক কমেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং সামগ্রিকভাবে গোটা জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি বিএ ও বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সবসময় নারীদের সম্মান দেওয়ার জন্য এবং তাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা এক নারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারীর ওপর আঘাত করা অত্যন্ত নিকৃষ্টতম কাজ। যারা নারীদের ওপর আক্রমণ চালায় এবং এ ঘটনায় উল্লাস করে, তারা কাপুরুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category