নিজস্ব প্রতিবেদক:
সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে এবং আন্দোলনের মাধ্যমেই এর ফয়সালা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস-সংকট, গার্মেন্টস শিল্প, জুলাই জাতীয় সনদ ও গণভোট, বিরোধী দলের লংমার্চ কর্মসূচি এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলের দেওয়া নোটিশ নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না। জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নোটিশ দেওয়া হলেও সব নোটিশ আলোচনায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট বক্তব্য ও নোটিশকে সরকার গুরুত্ব না দেওয়ায় রাজপথে আন্দোলনে নামতে হয়েছে বলে দাবি করেন জামায়াত আমির।
সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের লংমার্চের সমালোচনার জবাবে শফিকুর রহমান বলেন, চাইলে পাঁচ হাজার গাড়ি নিয়েও লংমার্চ করা যেত। তবে লংমার্চের দাবিগুলো কোনো একক দলের নয়, এগুলো জনগণের দাবি।
ঢাকা-রংপুর লংমার্চের আগে ককটেল বিস্ফোরণ নিয়ে সরকারি দলের বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন, লংমার্চে স্বতঃস্ফূর্ত জনস্রোত দেখে বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে কেউ প্যানিক পরিস্থিতি তৈরি করে থাকতে পারে।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, জামায়াত কেন নিজের কর্মসূচি বানচাল করতে চাইবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জ্বালানির দাম বাড়ানোর পর সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। দেশীয় পণ্যের দামও বাড়ছে। এর সর্বগ্রাসী প্রভাব সমাজে পড়ছে।
তিনি বলেন, প্রতিদিন লাখ লাখ লিটার জ্বালানি তেল ব্যবহার হয়। দাম বাড়ানোর ফলে নতুন করে কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে চলে যাবে। অন্যান্য দেশের সঙ্গে জ্বালানির দামের তুলনা করার আগে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, দাম বাড়িয়ে সেটিকে ‘সহনীয় মাত্রা’ বলা হলেও এর সরাসরি প্রভাব পড়ে বাইকচালক, যাত্রী ও পণ্য পরিবহনের ওপর।
পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর চিন্তা চলছে বলে দাবি করেন জামায়াত আমির। এমন উদ্যোগ নেওয়া হলে জামায়াত এর বিরোধিতা করবে বলে জানান তিনি।
শফিকুর রহমান বলেন, টাকা উপার্জন করতে বিরোধী দল সংসদে যায়নি। সরকার এ ধরনের উদ্যোগ নিতে চাইলে বিরোধী দল তাতে বাধা দেবে।
সরকার এক বছরের মধ্যে এক থেকে দেড় কোটি নতুন কর্মসংস্থানের কথা বললেও বর্তমানে অনেকে কর্মসংস্থান হারাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমকে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।’
তিনি গণমাধ্যমকে সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য হিসেবে তুলে ধরার আহ্বান জানান। সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কাঠামোর মাধ্যমে প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির অভিযোগ করেন, সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য অনেক সময় সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না এবং খণ্ডিতভাবে উপস্থাপনের কারণে পাঠক-দর্শকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সঠিকভাবে বক্তব্য উপস্থাপনের নিশ্চয়তা থাকলে তিনি সাংবাদিকদের আরও কথা বলবেন বলে জানান।
মতবিনিময় সভায় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাগত বক্তব্য দেন।
সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপিসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।