ইউক্রেনের দক্ষিণাঞ্চলে কার্যকর হওয়া স্থানীয় যুদ্ধবিরতি দ্বিতীয় দিনেও বহাল রয়েছে। বুধবার উভয় পক্ষ এ তথ্য জানিয়েছে। এতে অবরুদ্ধ বাসিন্দাদের কাছে জরুরি খাদ্য ও ওষুধ পৌঁছানোর আশা জোরালো হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ দখলাধীন ওলেশকি শহরের বাসিন্দারা কয়েক মাস ধরে খাদ্য, পানি ও ওষুধের সংকটে ভুগছেন। দুই পক্ষের লড়াইয়ের মাঝখানে পড়ে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থ্ াএএফপি এ খবর জানিয়েছে।
এখনো শহরটিতে থাকা মানুষের যোগাযোগ রয়েছে শহরের এমন সাবেক বাসিন্দারা এএফপিকে জানান, শহরটিতে এখনো অবস্থানরত আনুমানিক দুই হাজার মানুষের মধ্যে কেউ কেউ কবুতর শিকার করে তা খেতে বাধ্য হয়েছেন।
রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ন্যায়পালরা বুধবার জানান, মঙ্গলবার ভোরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।
ইউক্রেনের দিমিত্রো লুবিনেৎস বলেন, ‘ওলেশকিতে যুদ্ধবিরতির ৩০ ঘণ্টা পার হয়েছে, এ সময়ে একটি ঘটনাও ঘটেনি।’
রাশিয়ার ইয়ানা লানত্রাতোভাও প্রায় একই ভাষায় দেওয়া বিবৃতিতে বলেন, ‘ওলেশকিতে যুদ্ধবিরতির ৩০ ঘণ্টায় কোনো সংঘাতের ঘটনার খবর পাওয়া যায়নি।’
শহরটির বাসিন্দাদের ভাগ্য নিয়ে কয়েক মাস ধরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পরিকল্পিত এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।
কতজন বাসিন্দা শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, কিংবা তাদের কোন পথে যেতে হবে, তা এখনো স্পষ্ট নয়।
দিনিপ্রো নদী বরাবর বিস্তৃত যুদ্ধরেখা পেরিয়ে যাওয়া প্রায় অসম্ভব। রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, বাসিন্দাদের রুশ-অধিকৃত ক্রিমিয়া হয়ে যেতে হতে পারে।
রুশ কর্মকর্তারা বলেছেন, শহর ছেড়ে যেতে ইচ্ছুক বেশির ভাগ মানুষ ইতোমধ্যে চলে গেছেন।
ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেছেন, শহরের অনেক মানুষই সেখানে থেকে যেতে চান।
তাই মানবিক সহায়তা শহরটিতে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতেই যুদ্ধবিরতির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর সময় ওলেশকি দখল করে নেয় রুশ বাহিনী।
২০২২ সালে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের আইনপ্রণেতা দাভিদ আরাখামিয়া এই যুদ্ধবিরতিকে ‘২০২২ সালের পর সবচেয়ে বড় উত্তেজনা প্রশমন’ বলে বর্ণনা করেছেন।
অর্থোডক্স ইস্টারের মতো উপলক্ষকে কেন্দ্র করে এর আগে যুদ্ধ চলাকালে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এসব বিরতিতে আকাশপথে হামলা কমলেও উভয় পক্ষের বিরুদ্ধে ব্যাপকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।