চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহপাড়া, আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০,৭২০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ২২০০ পিসে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তিনি বন্দরটিলা এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় খদ্দেরদের কাছে মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।