স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়ল আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের অভিষেক ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে তারা। আর এই অবিশ্বাস্য সাফল্যের নায়ক ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
সোমবার আটলান্টায় অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে স্পেন প্রায় ৭৫ শতাংশ বলের দখল রেখে ২৭টি শট নেয়। কিন্তু কেপ ভার্দের রক্ষণপ্রাচীর এবং ভোজিনহার দুর্দান্ত গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয় স্প্যানিশরা। ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে স্পেনের তারকাবহুল আক্রমণভাগকে হতাশ করেন তিনি।
স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস, পেদ্রি এবং বদলি হিসেবে নামা তরুণ তারকা লামিনে ইয়ামাল-ও ভোজিনহাকে পরাস্ত করতে পারেননি। শেষ পর্যন্ত ০-০ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্পেনকে।
ম্যাচ শেষে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন ভোজিনহা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে প্রতিক্রিয়ায় বলেন, “আমি সারা জীবন এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। এই স্বপ্নের জন্য কাজ করেছি।”
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় তুলেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। ম্যাচ চলাকালে ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম ‘কাজে টিভি’ দর্শকদের তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানায়। ম্যাচ শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তার অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়, যা পরে আরও দ্রুত বাড়তে থাকে।
বর্তমানে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জি.ডি. শাভেস-এর হয়ে খেলেন ভোজিনহা। তবে স্পেনের বিপক্ষে এই অসাধারণ পারফরম্যান্সের পর তিনি শুধু কেপ ভার্দের নয়, পুরো বিশ্বকাপেরই অন্যতম আলোচিত নায়ক হয়ে উঠেছেন।