তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনা মানুষের জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে আনে, যা কোনো আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তবে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শুক্রবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তন-এ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সবাইকে রাস্তা পারাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র ফুটপাত বা মহাসড়কের পাশে দোকান বসানো উচিত নয়। একই সঙ্গে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালানো বা রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, পরিবহন মালিক, শ্রমিক ও প্রশাসন—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যক্তি ও পরিবারের মধ্যে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. হুমায়ুন কবির। এছাড়া বক্তব্য দেন সাইফুর রহমান, মোহাম্মদ কামরুল হাসান, ক্ষতিগ্রস্ত যাত্রী গোলাম মওলা, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এবং বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম।