চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিতে হবে। সাহসিকতা, আমানতদারিতা ও ত্যাগের মানসিকতা নিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় আপোষহীন থেকে জনকল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের হোটেল ডলি রিসোর্টে উপজেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল халিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন এবং পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়নের আমীরবৃন্দ।
সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক দায়িত্বশীল ও তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।