দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের গণমাধ্যম খাতের সর্বশেষ চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে দেশে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং বেসরকারি খাতের ৫৫টি টেলিভিশন চ্যানেল অনাপত্তিপ্রাপ্ত। তবে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল নিয়মিত সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
দৈনিক পত্রিকার বিষয়ে মন্ত্রী জানান, সারা দেশে বর্তমানে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ৫৯৩টি এবং দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত হচ্ছে ৮৪৩টি দৈনিক পত্রিকা।
অনলাইন গণমাধ্যমের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণভিত্তিক নিউজ পোর্টাল ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৬১টি।
মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিকাশ ও তথ্যপ্রবাহের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশের গণমাধ্যম খাতে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের ধারাবাহিক সম্প্রসারণ তথ্যপ্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।